একটি শান্তিপূর্ণ সমাজ, নিরাপদ পরিবেশ আর নতুন দিনের প্রত্যাশা—এমন নানা আকাঙ্ক্ষা নিয়ে শ্যামগ্রাম ইউনিয়নের উত্তর পশ্চিমপাড়ার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম শফিক।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর পশ্চিমপাড়ায় অনুষ্ঠিত তাঁর নির্বাচনী উঠান বৈঠকটি পরিণত হয় স্থানীয় মানুষের মিলনমেলায়। এলাকার মুরুব্বি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রার্থীর বক্তব্য শুনতে এবং নিজেদের প্রত্যাশার কথা জানাতে উপস্থিত হন স্থানীয় বাসিন্দারা।

উঠান বৈঠকে শফিকুল ইসলাম শফিক বলেন, শ্যামগ্রামকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি নির্বাচিত হলে চুরি, বাটপারি, সিন্ডিকেটবাজি ও মাদকের বিস্তার রোধে কার্যকরভাবে কাজ করার অঙ্গীকার করেন।

তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করতে চান। পাশাপাশি ইউনিয়নের নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন।

উঠান বৈঠকে এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিরা শফিকুল ইসলাম শফিকের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরে বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে উঠে আসে এলাকার উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা নিয়ে প্রত্যাশার কথা।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনের সময় শুধু প্রতিশ্রুতি নয়—জনগণের পাশে থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন, এমন নেতৃত্বই তাঁরা প্রত্যাশা করেন।

আবেগঘন পরিবেশে মানুষের কথা শোনা, প্রত্যাশার কথা তুলে ধরা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় শফিকুল ইসলাম শফিকের নির্বাচনী উঠান বৈঠক।

উত্তর পশ্চিমপাড়ার এই উঠান বৈঠন যেন একটি কথাই মনে করিয়ে দিল—উন্নয়ন, নিরাপত্তা ও শান্তির প্রত্যাশায় স্থানীয় মানুষের মধ্যে নির্বাচনী আলোচনা ক্রমেই আরও সরব হয়ে উঠছে।