শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’ আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নের কেজি স্কুল ও প্রাথমিক বিদ্যালয়সহ মোট ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক সাইদুল আলম সোরাফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আবুল হাসনাত আলম রাজিব ভূঁইয়া। পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মিরপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাদাত হোসেন শাহীন। হল সুপারের দায়িত্বে ছিলেন নাসিরুদ্দিন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে প্রধান অতিথি আবুল হাসনাত আলম রাজিব ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ, সুস্থ প্রতিযোগিতা ও ভালো ফলাফল অর্জনের অনুপ্রেরণা তৈরি হবে। এ ধরনের আয়োজন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

পরীক্ষাকে কেন্দ্র করে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নে এ আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা আশা প্রকাশ করেন অনুষ্ঠানে মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রুমন সরকার, মো. আশরাফুল আলম, মো. মাইনউদ্দিন সরকার, মাকসুদুল হক, মো. সুবুর খান আতিফ ও মো. রাহিম সরকারসহ ফাউন্ডেশনের অন্যান্য প্রতিনিধিরা।

এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন আনিস সরকার, গোলাম মুস্তাফা, আল-আমিন সরকার, তৈফিক, মো. খাইরুল এনাম, নাজমুল মোল্লাহ, সজিব সরকার ও মেসবাহুল ইসলাম।সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।