ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর কবরস্থান সড়কের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে হাজীপুর বাজার এলাকায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়ক দুটির উদ্বোধন করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) অর্থায়নে ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে হাজীপুর বাজার কবরস্থান সড়কের প্রায় সোয়া এক কিলোমিটার অংশে পিচঢালাইয়ের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সড়ক অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষ ভোগ করতে পারেন, সেটিই তাঁর লক্ষ্য। এ ছাড়া উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফেরদৌস আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রহমত উল্লাহ ও মহিন উদ্দিন মহিন, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ও দেলোয়ার হোসেন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার মো. ইদ্রিস, ফতেহপুর কমলাকান্ত গুরু চরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আপু হাসনাত আলম রাজিব ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদীস শাহীন, উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মনজুরুল আলম মজনু সহ আরো অনেকে।

সড়কটি চালু হওয়ায় হাজীপুর গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে হাজীপুর বাজার ও কবরস্থানকেন্দ্রিক চলাচলে স্থানীয়দের দুর্ভোগ কমবে। পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনসাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়নেও সড়ক দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

সড়ক উদ্বোধন শেষে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার মো. ইদ্রিসের বাড়িতে এমপি আব্দুল মান্নান সহ উপস্থিত নেতৃবৃন্দরা দুপুরের প্রীতি ভোজে অংশগ্রহণ করে।