ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজের সাইটে বালি ও পানির ছিটা পড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের চাপা/তির কোপে দুই ভাই মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবীনগর পশ্চিমপাড়ার প্রবাসী আহসান উল্লাহর বাড়িতে নির্মাণকাজ চলছিল। ওই কাজের সাইটে কাজ করছিলেন স্থানীয় শেখ বাড়ির মামুন মিয়ার দুই ছেলে আরাফাত ও সারাফাত। কাজের একপর্যায়ে সেখানে বালি ও পানির ছিটা পড়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী চিত্রি গ্রাম থেকে ভাড়া বাসায় বসবাসকারী সালাম মিয়ার দুই ছেলে আরিফ ও আশিকের সাথে তাদের বাকবিতণ্ডা হয়।

​কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা চরম আকার ধারণ করলে আরিফ ও আশিক ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে চাপাতি দিয়ে কুপিয়ে আরাফাত ও সারাফাতকে মারাত্মকভাবে জখম করেন।

​পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। এদের মধ্যে আরাফাতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।

​এ বিষয়ে স্থানীয়রা জানান, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এমন সহিংস ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।