জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও দেশপ্রেমের মহান আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ–২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। আজ বুধবার সকাল ১১ঘটিকার সময় নবীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তিনি জাতীয় কবির কালজয়ী সাহিত্য ও মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষার্থীদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে প্রতিবছর এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি এডভোকেট আব্দুল মান্নান বলেন
“কাজী নজরুল ইসলাম আমাদের সাম্যের কবি, মানবতার কবি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য প্রেরণা। তাঁর সাহিত্য আমাদের মানুষকে ভালোবাসতে, ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে এবং দেশকে ভালোবাসতে শেখায়।

নজরুলকে জানার অর্থ শুধু তাঁর কবিতা আবৃত্তি করা কিংবা গান পরিবেশন করা নয়; তাঁর সাহস, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনাকে নিজের জীবনেও ধারণ করা। আমাদের শিক্ষার্থীরা সেই আদর্শে বেড়ে উঠলে একটি সহনশীল, মানবিক ও সৃজনশীল সমাজ গড়ে উঠবে।
পড়াশোনার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। আজকের এই আয়োজন তাদের প্রতিভা বিকাশে অনুপ্রেরণা জোগাবে। যারা পুরস্কার অর্জন করেছ, তাদের অভিনন্দন; আর যারা অংশ নিয়েছ, তাদের প্রত্যেকের প্রচেষ্টাও প্রশংসার দাবিদার। এই চর্চা অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”