ব্রাহ্মনবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন ফুটবল একাডেমির প্রতিবাদের মুখে অনূর্ধ্ব-১৫ ফুটবল দল বাছাইয়ের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সোমবার (২ নভেম্বর) জেলা শহরের লোকনাথ দীঘির ময়দানে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে প্রতিবছর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনূর্ধ্ব ১৫ দল বাছাই শেষে গঠন করে থাকে। এরই ধারাবাহিকতায় গত দুই মাস আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বাছাই কার্যক্রম শুরু করতে চিঠি প্রদান করে। নিয়ম অনুযায়ী জেলা ফুটবল এসোসিয়েশন সংগঠনের সকল সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্লাব-একাডেমিকে অবগত করে এই প্রক্রিয়া শুরু করবে। অভিযোগ উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া এই সংগঠন বাকী ১১জন সদস্য খেলোয়ার বাছাই সম্পর্কে অবগত নয়। এমনকি জেলা- উপজেলার কোন ক্লাব ও একাডেমি এই বিষয়ে অবগত নয়। খেলোয়াড় বাছাই করতে কোন প্রকার প্রচারণা করা হয়নি। সোমবার দুপুরে কোন প্রকার ট্রায়াল ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের পছন্দ অনুযায়ী কিছু খেলোয়াড়কে বাফুফের মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে। এই খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল এসোসিয়েশনের সদস্য, বিভিন্ন একাডেমির সদস্য ও ফুটবল সংগঠক করা সেখানে উপস্থিত হয়ে অভিযোগ করে প্রতিবাদ জানান। এ সময় বাফুফের দায়িত্ব প্রাপ্ত কোচের সামনে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। অভিযোগের প্রেক্ষিতে বাফুফে কোচ খেলোয়াড় বাছাই প্রক্রিয়া স্থগিত করেন। এরই মাঝে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।