ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড় সংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— বগডহর (৬নং ওয়ার্ড) এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. এবাদুল হক (৩০) এবং একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল মুমেন (২৫)। মুমেন বর্তমানে নবীনগর পূর্বপাড়া ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার এসআই ফয়জুল হাকিম খান, এসআই মো. শামীম ভূইয়া এবং এএসআই মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল আলীয়াবাদ মোড় এলাকায় যানবাহনে তল্লাশি চৌকি বসায়। এ সময় সন্দেহ ভাজন ওই দুই যুবককে তল্লাশি করে তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের থানায় নিয়ে আসা হয়। নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছে, মাদক জব্দের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।