মাদকমুক্ত সমাজ গড়তে নবীনগর কাইতলা বাজারে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি --
/ ৩১
ভিউ
আপডেট :
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদকদ্রব্যের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কাইতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা।
বাংলাদেশ পুলিশ নবীনগর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
কাইতলা দক্ষিণ বিএনপির সভাপতি, জোবায়ের আহাম্মেদ মাসুদ এর সভাপতিত্বে
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিবউল্লাহ সরকার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) দিলীপ চন্দ্র দাস।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর প্রভাব একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব। পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানায়।
‘মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন’—এই প্রত্যয়ে আয়োজিত কর্মসূচিতে মাদকমুক্ত নবীনগর গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।