ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে দুটি ড্রেজার ও বিপুলসংখ্যক পাইপ জব্দ করে অকেজো করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের বাঁশ বাজার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর আওতায় এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই দিনে ইব্রাহীমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনুমানিক ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা মূল্যের দুটি ড্রেজার এবং ৭০ থেকে ৮০টি পাইপ জব্দ করা হয়। পরে সেগুলো অকেজো/নষ্ট করে দেওয়া হয়।
তবে অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানা গেছে।
জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, অবৈধ ড্রেজার ব্যবহার এবং অপরিকল্পিত বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে ফসলি জমি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।