নবীনগরে দুর্ধর্ষ চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
নিজস্ব প্রতিনিধি --
/ ৩৯
ভিউ
আপডেট :
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
বোনের বাসায় যাওয়ার সুযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি ভাড়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। পৌরসভার কলেজপাড়া এলাকার ওই বাসার দরজার তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সনিয়া আক্তার (৩২)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, সনিয়া আক্তার তাঁর স্বামী নাজমুল হাসান প্রবাসে থাকায় নবীনগর পৌরসভার কলেজপাড়ায় গোলাম মোস্তফার চারতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। গত ৬ অক্টোবর সন্ধ্যার দিকে তিনি পাশের একটি ভবনে তাঁর বোনের বাসায় যান। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নিজের বাসায় ফিরে দেখেন, দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।
পরে ঘরে রাখা নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় দেড় ভরি স্বর্ণালংকার খুঁজে পাওয়া যায়নি। অভিযোগ অনুযায়ী, স্বর্ণালংকারগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
সনিয়ার অভিযোগ, চোরেরা দরজার তালা ভেঙে বাসায় ঢুকে এসব মালামাল নিয়ে গেছে।
ঘটনার পর ভবনের মালিক ও অন্য ভাড়াটিয়াদের বিষয়টি জানান সনিয়া। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিদের চেহারা দেখা গেছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করেছেন সনিয়া আক্তার। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।