আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি নবীনগর উপজেলার ভোলাচং কুমারপাড়ায় বিভিন্ন প্রতিমা তৈরির কারখানা ঘুরে দেখেন। এ সময় প্রতিমা তৈরির কাজে নিয়োজিত কারিগরদের সঙ্গে কথা বলেন এবং কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পুলিশ জানিয়েছে, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে নবীনগর উপজেলায় রয়েছে ১৩২টি পূজামণ্ডপ। বিপুলসংখ্যক মণ্ডপকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে জেলা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজামণ্ডপ, প্রতিমা তৈরির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে।
পুলিশ সুপার মোঃ জালাল উদ্দিন ফাহিম বলেন, দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির স্থানগুলোতেও বিশেষ নজরদারি রাখা হয়েছে। নিয়মিত পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, মানিক বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।