ব্রাহ্মণবাড়িয়া ডাকাতির প্রস্তুতি ও ১৮ মামলার আসামি চাঁন মিয়া গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি --
/ ৩৬
ভিউ
আপডেট :
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক, মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৮ মামলার আসামি চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে শহরের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, চাঁন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক, মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলা বর্তমানে তদন্তাধীন। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে চাঁন মিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তার কর্মকাণ্ডে আনন্দবাজার ও কান্দিপাড়া এলাকার বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে পুলিশ জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁন মিয়ার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৮টি মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, বুধবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি খাইরুল আলম বলেন, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।