ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) তিনি কলেজটি পরিদর্শনে এসে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, নিয়মশৃঙ্খলা, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি এবং ক্যাম্পাসের পরিচ্ছন্ন পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার কলেজের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় তিনি কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে অধ্যক্ষের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।
পাশাপাশি কলেজটির প্রতিষ্ঠাতা আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহাম্মদের অবদানকে সম্মানের সঙ্গে স্মরণ করে তাঁর দীর্ঘ নেক হায়াত, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন কলেজটির শিক্ষার মান ও একাডেমিক কার্যক্রম আরও এগিয়ে নিতে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতায় সাধ্যমতো পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
জেলা শিক্ষা অফিসারের এ পরিদর্শন ও ইতিবাচক মূল্যায়ন কলেজটির শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় উৎসাহব্যঞ্জক হিসেবে বিবেচিত হচ্ছে।