ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি সত্য রঞ্জন দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সত্য রঞ্জন দাস নবীনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড (ভোলাচং) আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী কমিটির সদস্য।
সত্য রঞ্জনের ভাতিজা পিন্টু দাস জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও তার কাকা সত্য রঞ্জন ভোলাচং বাজারে অবস্থিত নিজস্ব ফার্মেসীতে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। এরপর আনুমানিক রাত ৯টার দিকে নবীনগর থানার পুলিশ এসে তাকে (সত্য) আটক করে নবীনগর থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বলেন, ‘সত্যবাবুকে রাজনৈতিক মামলায় রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।’
এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।